ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে দ্বন্দ্বের জেরে যুবককে পিটিয়ে হত্যা

জাফর ইকবাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে তুহিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকাল ৫টার দিকে টঙ্গীবাড়ীর পুরা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি করা হয়েছিল। নিহত তুহিন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আলমগীর সরকারের ছেলে। জানা যায়, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্যকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত তুহিন রিপন পাটোয়ারী নির্বাচনে সমর্থক ছিল। সোমবার ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় তুহিন।

সেখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কল্পনা পক্ষের লোকজন একটি খোলাবাগানে নিয়ে বেধড়ক মারধর করে গুরুতর অবস্থায় রেখে যায় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।গুরুতর অবস্থা দেখে চিকিৎসক ঢাকায় রেফার্ড করলে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগের বিষয়ে নিজের লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করে মহসিনা হক কল্পনা বলেন- ওই যুবক উগ্র ছিল, সে অস্ত্র নিয়ে চলতো। শুনেছি কনসার্টে গিয়ে ঝামেলা করেছে তখন কংশপুরা এলাকার কিছু ছেলে মারধর করেছে। ছেলেটির মাথায় আঘাত ছিল, আঘাতের কারণেই সে মারা গেছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল প্রধান জানান, রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তুহিন নামের ওই যুবককে হাসপাতাল আনা হয়।

আহতের শরীরে বেদম মারপিটের চিহ্ন ছিল, অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, মারধরে যুবকের মৃত্যুর কথা শুনেছি। ময়নাতদন্ত শেষে ও মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button