ঢাকা বিভাগ

মির্জাপুরে নৌকাডুবিতে শিশুসহ ৩ বরযাত্রীর মৃত্যু

কিবরিয়া পিয়াল

মির্জাপুর‌(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে নৌকাডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) ও উপজেলা সদরের ইউনিয়নপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে মাইক্রোবাসে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় বিয়ে খেতে যান বরযাত্রীরা। তাঁরা মির্জাপুর-তরফপুর সড়কের পাশে মাইক্রোবাস রেখে মোটরসাইকেলসহ বিভিন্ন যানে করে দক্ষিণপাড়া এলাকায় যান। পরে কনের বাড়িতে বিয়ের কাজ সম্পন্নের পর বরযাত্রীদের মধ্যে কয়েকজন নৌকায় করে বুইর‍্যা বিল পাড়ি দিয়ে মির্জাপুর-তরফপুর সড়কের পাশে রাখা মাইক্রোবাসের কাছে যেতে রওনা দেন।

এ সময় নৌকায় থাকা এক নারী বিলের পানিতে একটি সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করেন। তখন নৌকার যাত্রীরা ভয়ে চিৎকার দিলে নৌকা দুলতে থাকে। একপর্যায়ে নৌকাটি বিলের পানিতে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও বরযাত্রীদের তিনজন তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করেন।তরফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, স্থানীয় মাধ্যমে ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button