উন্নয়নশীল দেশ গড়তে আবারও সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তাহলে তারা দেশের সব উন্নয়নকে ধ্বংস করে দেবে।
শনিবার (২২ এপ্রিল) গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি জনগণের কাছে কৃতজ্ঞ কারণ, তারা বারবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন এবং তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী সাধারণ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি আশা করি জনগণ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার আরেকটি সুযোগ দেবে কারণ, দেশটি ২০২৬ সাল থেকে একটি পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।
শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এবং স্থিতিশীলতার কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এত বড় আর্থ-সামাজিক অগ্রগতির সাক্ষী হয়ে রয়েছে, কারণ জনগণ ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে পরপর আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসানোর জন্য এবং তাদের সেবা করার সুযোগ দেওয়ায় আমি মহান আল্লাহ ও বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সরকারপ্রধান বলেন, সড়ক, মহাসড়ক, সেতু, বিশেষ করে পদ্মা সেতুসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের কারণে এবারের ঈদযাত্রা সহজ ও শান্তিপূর্ণ হয়েছে। সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়ায় মানুষ এখন গ্রামে গ্রামে আনন্দ উপভোগ করছে।
তিনি আরও বলেন, আমাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন করতে হবে এবং উদ্বৃত্ত খাদ্য অন্য দেশে রপ্তানি করতে হবে। আমরা ইতোমধ্যে অন্যান্য দেশে সবজি রপ্তানি শুরু করেছি।



