নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আবু হানিফা (৩৫), ফারুক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)।
তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গত ২ জানুয়ারি থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির একটি দল প্রত্যন্ত চরাঞ্চল বালুয়াকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার ভোরে বালুয়াকান্দি গ্রামের ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে ২টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদেরকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র বহন ও ব্যবহার আইনে আটকদের বিরুদ্ধে মামলা করে। এরপর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।



