সারাদেশ

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ১ জনের

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তাপস ধর নামে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সমীর ধর (৫০)। তিনি মিঠাছড়ির পূর্ব ওমখালী পশ্চিম ধর পাড়া গ্রামের মৃত কালী শংকর ধরের ছেলে। আহত ব্যক্তি রাজারকুল ধরপাড়া গ্রামের অনিল ধরের পুত্র তাপস ধর ও সুকুমার ধর বলে জানা গেছে।

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সমীর ধর গংদের সঙ্গে স্থানীয় মৃত শ্রীরামের পুত্র বাবুল ধর গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছে। শুক্রবার সকালে সমীর ধর ওই জমিতে সীমানা বেড়া দিতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সমীর ধরের মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা অভিযুক্ত বাবুল ধর ও তার পুত্র রিটন ধরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত সমীর ধরের কন্যা মুন্নী ধর জানান, সম্প্রতি জমিটি দখলে নেওয়ার পাঁয়তারা করছিল তারা। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই জেরে বাবুল ধর ও তার পুত্র রিটন ধরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার বাবা ও চাচাতো ভাইদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রামু থানা ওসি আনোয়ারুল হোছাইন জানান, জমি বিরোধের জেরে সমীর ধর নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত বাবুল ধর ও রিটন ধর নামে ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button