সারাদেশ

অপহরণ চক্রের দুই সদস্য রিমান্ডে, অপরজন কারাগারে

অমিত হাসান ইমন 

স্টাফ রিপোর্টার: অল্প টাকা মুক্তিপণে অভিনব পন্থায় শিশু অপহরণকারী চক্রের গ্রেপ্তার দুই সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. মিল্টন মাসুদ ও মো. শাহীনুর রহমান। চক্রের অপর সদস্য সুফিয়া বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৬ মে) শিশু পাচারকারী চক্রের তিন সদস্যকে আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে মিল্টন ও শাহীনের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সমিত মজুমদার এবং অপর আসামি সুফিয়া বেগমকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত দুইজনের তিন দিনের রিমান্ড ও অপর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার নারী শিশু জি.আর (সাধারণ নিবন্ধন শাখা) এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ মে) গাজীপুরের সালনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। এসময় তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। চক্রটি ৬-৭ বছর ধরে স্কুলশিশুদের অপহরণ করে আসছে। এ পর্যন্ত ৫০০-৬০০ শিশুকে অপহরণ করে তাদের পিতা-মাতার কাছ থেকে অর্থও আদায় করেছে তারা।

আরো জানা যায়, গত ২৪ মার্চ উত্তরার ৪ নম্বর সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে শাহিন শেখ নামে ৬ বছরের একটি শিশু হারিয়ে গেলে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি হয়। জিডির সূত্র ধরে খোঁজ মেলে এ অপহরণ চক্রের। চক্রটি মূলত স্কুল-মাদ্রাসা, বাজার বা রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় একাকী থাকা ৮-১৬ বছর বয়সী শিশুদের টার্গেট করে, যারা পিতা-মাতার মোবাইল নম্বর বলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button