মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ

হাসান মাহবুব
ঢাকা প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ, যা গত বছরের চেয়ে প্রায় ৮ শতাংশ কম। গতবার দাখিলে পাসের হার ছিল ৮২ দশমিক ২২ শতাংশ। দাখিলে এবারের ফলাফল করোনার আগে স্বাভাবিক সময়ে অনুষ্ঠিত পরীক্ষার চেয়েও বেশ খারাপ হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক সময়ে অনুষ্ঠিত দাখিলে পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।আজ শুক্রবার দাখিল, এসএসসি এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
আর সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।৯ হাজার ৯২টি মাদ্রাসা থেকে এ বছর দাখিলে পরীক্ষা দিয়েছিল ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ১২ হাজার ৯৬৪ জন।
এবার জিপিএ–৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। ফলের সর্বোচ্চ এ সূচক এবার অর্ধেকের বেশি কমেছে। গত বছর জিপিএ–৫ পেয়েছিল ১৫ হাজার ৪৫৭ জন।



