কক্সবাজারে রাইফেলের দেড় হাজার গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে পৃথক অভিযানে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ এপ্রিল) বিকালে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বানিয়ারপাড়া এলাকার মো. হুমায়ুন কবীর, সাবেকপাড়ার মো. রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার মো. আব্দুল মালেক।
পুলিশ সুপার বলেন, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রামুর পাহাড় ঘেরা ঈদগড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী এলাকা থেকে মালেককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। এই চক্রের হোতাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।



