সারাদেশ

ইবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

ডেস্ক রিপোর্ট: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ওপর হামলা করেছে স্থানীয়রা। স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুপ্ত। আহত দুজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা এবং হামলার বিচার চেয়ে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ের ঝিনাইদহের মদনদাডঙ্গা ও কুষ্টিয়ার মধুপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের মফিজ এলাকা থেকে আকাশ নামে একজনের সঙ্গে মারধরের শিকার শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। সেসময় বহিরাগত ওই ব্যক্তি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী পাশের শেখপাড়া বাজারে মোটরসাইকেলে তেল আনতে গেলে তাদের মারধর করেন আকাশসহ কয়েকজন বহিরাগত।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চাই। এ সব দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানায় এসেছিল। মামলা করেনি। তবে ঘটনা সত্য। আমরা দ্রুত ব্যবস্থা নেব। আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করছি।

এ বিষয়ে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল জানান, আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button