ভালুকায় জমি দখল নিয়ে কোম্পানি ও স্থানীয়দের বিরোধ

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ভায়াবহ মাঝিরভিটা এলাকায়।
নর্প নীট ইন্ডাস্ট্রি লিমিটেডের স্থানীয় প্রতিনিধি আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তারেক উল্লাহ চৌধুরী কোম্পানির জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সু-কৌশলে নাজমা খাতুন নামের এক নারীকে ব্যবহার করে ৩৬ শতাংশ জমিতে ঘর নির্মাণের মাধ্যমে জমি দখল করে রাখা হয়েছে।
এদিকে নাজমা খাতুন দাবি করেন, চার বছর আগে তিনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে ৩৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছেন। কোম্পানির সঙ্গে জমি বিক্রির বিষয়ে আলোচনা চলছে, দাম সন্তোষজনক হলে সমঝোতায় যেতে তারা রাজি আছেন। তবে তারেক উল্লাহ চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীও কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।



