ময়মনসিংহ বিভাগ

মহাসড়কে যাত্রী তুলে হাত-পা-মুখ বেঁধে ছিনতাই করতেন তারা

ময়মনসিংহে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণের শিকার তিন যুবককে উদ্ধার করা হয়। এ চক্রের সদস্যরা মহাসড়ক থেকে মাইক্রোবাসে যাত্রী উঠিয়ে হাত-পা বেঁধে সর্বস্ব লুটে নিতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ইসমাইল মিয়ার ছেলে মফিজুল ওরফে মফিজ (৩০), মৃত আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আল মামুন ওরফে সাগর (৩০), আবুল কালামের ছেলে ফরমান (২৫) ও লাল মিয়ার ছেলে মো. আমিনুল (২৮)।উদ্ধার হওয়া তিন যুবক হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার আব্দুল হান্নানের ছেলে আল-আমিন (৩৬), একই উপজেলার মৃত আয়ুব আলী শেখের ছেলে মো. বুলবুল (৩০) ও জেলার গৌরীপুর উপজেলার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. রফিক (৩৮)।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। পরে সন্ধ্যায় আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠায় পুলিশ।এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সকাল ৮টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় পুলিশের একটি টহল দল দায়িত্বপালন করছিল। এসময় মাইক্রোবাস থেকে চিৎকারের শব্দ এলে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। এসময় অপহরণের শিকার তিন যুবককে উদ্ধার ও মফিজুল ওরফে মফিজ নামের একজনকে আটক করে পুলিশ। এসময় সুযোগ বুঝে অপহরণকারী চক্রের ছয় সদস্য পালিয়ে যান।এ ঘটনার পর ওইদিন রাতে মাইক্রোবাসচালক আল-আমিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে মফিজুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে অপহরণকারী চক্রটি আল-আমিনের মাইক্রোবাস টাঙ্গাইলের মির্জাপুরে যাওয়ার জন্য ছয় হাজার টাকায় ভাড়া করে। এক কিলোমিটার যেতেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে চালক আল-আমিন ও হেলপার বুলবুলের হাত, পা, মুখ বেঁধে ফেলেন তারা। পরে পেছনের সিটে নিচে ফেলে রেখে আসামিদের একজন গাড়ি চালাতে শুরু করেন। পরে রাস্তায় বিভিন্নজনকে যাত্রী হিসেবে গাড়িতে উঠিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে রাস্তায় ফেলে দেন।

ওইদিন ভোরে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রফিক। এসময় তাকে অপহরণ করে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা দেয় চক্রটি। পরদিন (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে পৌঁছালে আসামিরা রফিকের সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে আরও ৫০ হাজার টাকা তার পরিবারের কাছ থেকে আনার জন্য ভয়ভীতি দেখান। এসময় রফিক পুলিশ দেখে চিৎকার দেন। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে অপহরণের শিকার তিন যুবককে উদ্ধার ও মফিজুল ওরফে মফিজকে আটক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button