টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গর্তের সৃষ্টি

মোঃ কাউছার খান
বার্তা সম্পাদক : তিন দিনের টানা বৃষ্টিতে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ ৪ লেইন মহাসড়কের ভালুকা উপজেলার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে শতাধিক ছোট বড় গর্তের। এতে করে যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার আশংকা। ক্ষতি হচ্ছে সব ধরনের পরিবহনের যন্ত্রাংশ। এই নিয়ে দ্রুত সময়ের মধ্যে গর্তগুলো সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহনের চালকরা।
সরেজমিনে মহাসড়ক ঘুরে দেখা যায়, ভালুকা সদর , থানার মোড় সহ ভালুকার বিভিন্ন অংশে নির্দিষ্ট দুরত্বে গর্ত দেখা যায়। গর্তের কারণে মহাসড়কে দূরপাল্লার গাড়িগুলো চলছে ধীরগতিতে। মহাসড়কে সৃষ্ট গর্তগুলো দ্রুত সময়ের সংস্কার না করা হলে তা আকারে বড় হয়ে যেতে পারে। অভারলোড গাড়ি চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশ উঁচু-নীচু হয়ে যায়। এতে করে মহাসড়কের মাঝখানে পানি জমে যায়। জমে থাকা পানি থেকে মূলত খানাখন্দের সৃষ্টি হয়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কর্তৃপক্ষকে সড়কগুলো দ্রুত সংস্করণের দাবি জানিয়েছে সাধারণ জনগণ সহ পরিবহন চালকরা।



