খাস জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাসের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।আহত দের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন- সাদেক মিয়া (৪০), শিরু মিয়া (৬৫), মস্তু মিয়া (৩৫), শিরিনা (৩০), নিশা (৩০), ইদ্রিস (৩২), আ. হাকিম (৩০), হাছান (৮) ও আক্তার মিয়া (৬৫)। বাকিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অরুয়াইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য এনামুল করিম জানান, দুবাজাইল গ্রামের গণির গোষ্ঠীর ধন মিয়া সম্পর্কে চাচা হন একই গোষ্ঠীর মস্তু মিয়ার। সরকারি একটি খাস জায়গা দুজনেই দখল করতে চান।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। গত দুই দিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি মিমাংসা করতে এদিন বিকেলে শালিসি সভা হওয়ার কথা ছিল। এর আগেই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয় পক্ষেরই লোকজন আহত হয়েছেনএই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।



