নান্দাইলে নৌকায় ঘোরানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় নৌকায় ঘোরানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমোদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মাছ বিক্রেতা মোহাম্মদ মোস্তফা (৩৫) শিশুটিকে নৌকায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে পাশের একটি বিলে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা কিছু সময়ের জন্য পাশের বাড়িতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। ফিরে এসে মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর আহত অবস্থায় শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখে তিনি বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকরামুল্লাহ জানান, শিশুটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ হাসপাতালে যায়। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্রাজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



